স্টাফ রিপোর্টার : নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পোরশা থানাধীন ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুর গ্রামের ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ চেকপোস্ট বসানো হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ চেকপোস্টে মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরে টিস্যু কাপড়ের শপিং ব্যাগে বিশেষভাবে রাখা বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা মো. তোফাজ্জল হোসেন এবং একই এলাকার শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা শ্রী বাবুল কর্মকার।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে সর্বমোট ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারেন। চেকপোস্টে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হলে মাদকসহ তাদের আটক করা সম্ভব হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদক প্রতিরোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারি ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
দৈনিক আগামীর বাংলা