জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের মাধ্যমে রোগীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণের ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শোকজ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসক, তিনজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন আনসার সদস্য ও একজন নিরাপত্তা প্রহরী। জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. মোরশেদ আলমকে সভাপতি করে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব তথ্য জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টার মধ্যে কয়েকজন বহিরাগত ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন। এ সময় দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খাবার বিতরণ কর্মসূচিটি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান সিজানের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দৈনিক আগামীর বাংলা