জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ পুরিয়া গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. মাজহারুল ইসলাম উত্তরবনগাঁও এলাকা থেকে আব্দুর রাজ্জাককে হাতে-নাতে আটক করেন।
আটক আব্দুর রাজ্জাক উত্তরবনগাঁও এলাকার মো. আছমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুর রাজ্জাককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, “মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।”
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক আগামীর বাংলা