কচাকাটা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র্যালি ও মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
উদয় ফাউন্ডেশনের পরিচালক মোঃ নুরুল ইসলাম বলেন, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আলোকিত সমাজ গড়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে বলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সচেতন নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দৈনিক আগামীর বাংলা