ঢাকা | বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে চোরের দৌরাত্ব্য, গরুর মালিকসহ দুজনকে কুপিয়ে জখম ৩ জনকে পাড়ী চাপা দেয়ার চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
সরিষাবাড়ীতে চোরের দৌরাত্ব্য, গরুর মালিকসহ দুজনকে কুপিয়ে জখম ৩ জনকে পাড়ী চাপা দেয়ার চেষ্টা ছবির ক্যাপশন:
ad728
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি ও ছিনতাইয়ের একের পর এক ঘটনায় উদ্বেগ বাড়ছে। সর্বশেষ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরের হাত থেকে গরু উদ্ধার করতে পিছু নেওয়ায় গরুর মালিক কৃষক ইমাম হোসেন (৫০) ও তাঁর প্রতিবেশী সেলিম রেজাকে (২৮) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোরের একটি দলের বিরুদ্ধে। এ সময় একটি মোটরসাইকেলও রামদা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। এ ঘটনায় ৩ জনকে পাড়ী চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগীদের আভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) ভোররাত ৪টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া পূর্ব উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া পূর্ব উত্তরপাড়া এলাকার বাসিন্দা কৃষক ইমাম হোসেনের বাড়ির টিনের গেট ও গোয়ালঘরের তালা কেটে দুটি গরু চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির তিনটি কক্ষের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে দেওয়া হয়। একটি গরু ছুটে দৌড় দিলে বিষয়টি টের পান ইমাম হোসেন। ঘর থেকে বের হতে গিয়ে দরজাগুলো আটকানো থাকায় তিনি পেছনের দিক দিয়ে বের হন। পরে দেখতে পান, পিকআপে করে তাঁর দুটি গরু নিয়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গরু উদ্ধারের উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে তাদের পিছু নেন কৃষক ইমাম হোসেন। ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি ও তাঁর প্রতিবেশী সেলিম রেজা। ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা গেছে, তাঁদের রামদা দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি মোটর সাইকেলের চাকা ও তেলের ট্যাংকিও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। এরপর পিকআপ ঘুরিয়ে ইমাম হোসেনের বাড়ির পাশ দিয়ে মহাসড়কে উঠে উত্তর দিকে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় শতাধিক লোকজন জড়ো হলে পিকআপে থাকা ব্যক্তিরা রামদা উঁচিয়ে তাঁদের প্রতিহত করে পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ ।
এদিকে চুরি হওয়া গরু উদ্ধারে পিকআপটির পিছু নেন সাতপোয়া পূর্ব উত্তরপাড়া গ্রামের সিয়াম, সজীব ও রঞ্জু মিয়া। তাঁরা ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া এলাকায় পৌঁছালে পিকআপটি তাঁদের মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ তাদের। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়লেও হতাহত হননি বলে জানা গেছে।
গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক, এসআই বিকাশ চন্দ্র সরকার ও এসআই চান মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

এ দিকে সরিষাবাড়ী উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক গরু, ছাগল, স্বর্ণালংকার, অটোরিকশা, বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল চুরির একাধিক ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অক্টোবর মাসে চুরির উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো- ২৬ অক্টোবর দুপুরে আওনা ইউনিয়নের তরুনী আটা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সোবহানের স্ত্রীর নিকট থেকে সিআইডি পরিচয়ে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এ কথা বলে ভয়ভিতী দেখিয়ে স্বর্নের চুরি ও কানের দুল নিয়ে যায়। সিআইডি পরিচয়ে ১৯ অক্টোবর পৌরসভার সাতপোয়া উদয়ন এলাকায় উৎপলের বাসার এক ভাড়াটিয়ার চার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ। ১৫ অক্টোবর গভীর রাতে শিমলা বাজারের আমতলা এলাকায় বেলাল হোসেন পাটোয়ারীর ভাঙারি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে চার থেকে পাঁচ হাজার টাকা চুরি করা হয়। একই রাতে পোগলদিঘা ইউনিয়নের গাছবয়ড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পাঁচটি গরু চুরির অভিযোগ। ১৪ অক্টোবর মাইজবাড়ী এলাকার লেবু মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে।
১৩ অক্টোবর আরামনগর বাজারের সোহাগ ডিলারের খামার থেকে মুরগি এবং একই গ্রামের সাইদুলের বাড়ি থেকে রাজহাঁস চুরির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। ১১ অক্টোবর পৌরসভার শিমলাপল্লী পশ্চিমপাড়া (কুবলীবাড়ি) এলাকার চারটি বাড়ি থেকে প্রায় ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়। ১০ অক্টোবর মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের আব্দুল লতিফ লতুর দুটি গরু এবং একই রাতে শামসুলের একটি গরু চুরির অভিযোগ উঠেছে। একই দিনে পৌরসভার বলারদিয়ার এলাকার আনহাজের মনোহারি দোকান থেকেও বিভিন্ন প্রকার মালামাল সহ ফ্রিজ চুরি হয়।
৮ অক্টোবর মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পূর্বপাড়া গ্রামের জহুরুল, শান্তিমালা, হাফিজুর ও হাসানের চারটি বাড়িতে একই রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। ৭ অক্টোবর মহাদান ইউনিয়নের বড়শরা গ্রামের আলমগীর হোসেনের অটোরিকশা চুরি হয়। এ চুরির ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী আলমগীর হোসেন। একই দিনে পৌরসভার আরামনগর বাজারের শহীদ ক্যাডেট একাডেমি থেকে দুটি ফ্যান এবং কামরাবাদ গোরস্থান এলাকার আসাদ মার্কেটের পাশের্^ আশিক পেইন্টারের দোকান, সোহেল অটো পার্টস ও কাজলের মনোহারি দোকানে চুরির অভিযোগ ভুক্তভোগীর। ৯ অক্টোবর সকাল ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের পিয়ন আব্দুর রহিমের একটি ছাগল চুরির অভিযোগ।একই দিনে সামর্থবাড়ির সুরুজ মিয়া এবং সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের হাফিজুর রহমানের ছাগলও চুরি হয়েছে বলে জানা গেছে। ১ লা অক্টোবর শিমলাপল্লী তাড়িয়াপাড়া ঈদগাহ মাঠের পানির পাইপলাইনের পাইপ চুরির ঘটনা ঘটে।
এ ছাড়া গত ২৭ সেপ্টেম্বর উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের রফিকুল ইসলাম ও একই গ্রামের খামার মিয়ার ও জমির মিয়ার বাড়ি এলাকার কাছাকাছি স্থাপিত সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন মোট তিনটি ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের আব্দুল মান্নানের বাড়িতেও চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপরদিকে গত ১০ অক্টোবর টাঙ্গাইল জেলার ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের দেশ ও এনটিভির ধনবাড়ী-মধুপুর প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান তার পেশাগত দায়িত্ব পালন শেষে ধনবাড়ী থেকে সরিষাবাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সাত গম্বুজ মসজিদের উত্তর পাশে পিকআপে তিনটি গরু নিয়ে যাওয়ার সময় গাড়িটি থামিয়ে তাঁকে মারধর ও তাঁর মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে। সাংবাদিক হাফিজুর চোরদের গাড়ির পিছু নিয়েছে সন্দেহ করে তাকে রাম দা দিয়ে তার হাতে কুপ মেরেছে এবং মোটরসাইকেল ফেলে দেয় বলে জানা গেছে। এ ঘটনায় তিনি সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, গত শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে ও সাকের আলীর স্ত্রী তার ছেলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে নলিন বাজার এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাই কারীরা তাঁর সাইডব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত সিএনজি থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের সৃষ্টি করে।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন বাসিন্দাদের অভিযোগ, একের পর এক চুরি, ছিনতাই ও হামলার ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে রাতে বাড়িঘর, গবাদিপশু ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের দাবি, চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনা, রাতে পুলিশের টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো জরুরি। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, গরু চুরির একটি চক্র ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাদের সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া পুলিশের টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক