কলকাতা, ২০ আগস্ট ২০২৬:
নোভার্সিটি ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার বউবাজারস্থ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ‘হিরোজ অব এশিয়া–ভলিউম I’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট অতিথি, গবেষক, সহযোগী লেখক, স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গ্রন্থটির মূল লক্ষ্য অখ্যাত ও স্বল্পপরিচিত স্বাধীনতা সংগ্রামীদের জীবন, সংগ্রাম, ত্যাগ ও আত্মবলিদান গবেষণাভিত্তিকভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরা।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট লাকী বাছাড়, সহযোগী লেখক ও এইচআরসিবিএম বাংলাদেশ চ্যাপ্টারের কনভেনর, আন্তর্জাতিক অতিথি হিসেবে অংশ নেন। তিনি এইচআরসিবিএম-এর পক্ষ থেকে নোভার্সিটি ফাউন্ডেশনকে স্মারক সম্মাননা প্রদান করেন এবং বাংলাদেশে গবেষণা, নথিবদ্ধকরণ ও ঐতিহাসিক তথ্য সংগ্রহে ভবিষ্যতে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, দীর্ঘ ত্যাগের মাধ্যমে বিপ্লবীরা দেশকে স্বাধীন করেছেন। অনেক ঐতিহাসিক রেকর্ড নষ্ট হয়ে যাওয়ায় বহু সংগ্রামীর নাম আজও অজানা। ‘হিরোজ অব এশিয়া’ গ্রন্থের মাধ্যমে তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
অনুষ্ঠানে নোভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. শুভ্র চক্রবর্তীসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, গবেষক, সহযোগী লেখক এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, ‘হিরোজ অব এশিয়া’ প্রকল্পের মাধ্যমে ভারত ও বাংলাদেশের অভিন্ন ঐতিহাসিক উত্তরাধিকার এবং স্বল্পপরিচিত স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও অবদান সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বার্তা: “অখ্যাত বীরদের স্মরণ করুন। তাঁদের উত্তরাধিকার সংরক্ষণ করুন। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুন। জাতি সর্বাগ্রে।”
দৈনিক আগামীর বাংলা