স্টাফ রিপোর্টার : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ নফির শাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৭ নম্বর চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে অভিযান চালিয়ে নফির শাহকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নফির শাহ নিয়ামতপুর থানার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও বিস্তার রোধে নিয়ামতপুর থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
দৈনিক আগামীর বাংলা