মোঃ আসিফুজ্জামান আসিফ
ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ মশিউর রহমান (৪৬) ও তাঁর স্ত্রী আইরিনকে (৩৮) মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মশিউর রহমান সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের আনন্দপুর এলাকার বি-৭ নম্বর বাড়ির বাসিন্দা মশিউর রহমানের বাসার পাশে বেশ কিছুদিন ধরে অভিযুক্ত সোহেল রানা ও তাঁর পরিবারের সদস্যরা ভাড়া থাকেন। তাঁদের মধ্যে পারিবারিক বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে সোহেল রানার ১৪ বছর বয়সী ছেলে সিয়াম মশিউর রহমানকে লক্ষ্য করে ময়লা ছুড়ে মারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার কারণ জানতে চাইলে সোহেল রানার মেয়ে মারিয়া এগিয়ে এসে কথা-কাটাকাটিতে জড়ান এবং পরে তাঁর বাবা-মাকে ডেকে আনেন বলে অভিযোগ করেন মশিউর রহমান।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে সোহেল রানা ঘটনাস্থলে এসে মশিউর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাঁকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। মশিউর নিজেকে রক্ষার চেষ্টা করলে আঘাতটি তাঁর মাথার ডান পাশে লাগে এবং তিনি গুরুতর জখম হন।
এ সময় তাঁর চিৎকার শুনে স্ত্রী আইরিন এগিয়ে এসে তাঁকে রক্ষার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, সোহেল রানা ও তাঁর স্ত্রী মমতাজ বেগম আইরিনকে ইট দিয়ে আঘাত করেন। এতে তাঁর মাথার বাম পাশে কেটে যায়। পরে অভিযুক্তরা ইট দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে স্বামী-স্ত্রী দুজনই নীলাফুলা জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এরপর আহত মশিউর রহমান ও তাঁর স্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা নেন।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাঁদের সুযোগমতো পেলে আবারও মারধর করে প্রাণনাশের হুমকি দেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী মশিউর রহমান।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দৈনিক আগামীর বাংলা