মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।
ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগরের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ফোকাস পরিচালক সোহেল রানা, সাবেক কুড়িগ্রাম জেলা প্রচার সম্পাদক আবদুল হালিম রানা, সাবেক ছাত্রনেতা কামাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না; মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীজন, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক আগামীর বাংলা