প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
শ্রীপুরে সংরক্ষিত বনভূমিতে গজারী গাছ কাটার সময় আটক ১, পলাতক ৪-৫ জন

শ্রীপুরে সংরক্ষিত বনভূমিতে গজারী গাছ কাটার সময় আটক ১, পলাতক ৪-৫ জন
বিশেষ প্রতিনিধ :- শাহিন আলম:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাথুরা বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গজারী গাছ কাটার সময় আমির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। এ সময় তার সহযোগী অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগের সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের সংরক্ষিত বনভূমির সি.এস দাগ নং-২৮৮৫ হতে সৃষ্ট আর.এস দাগ নং-১১৬৮৯, খতিয়ান নং-০২ এলাকায় টহলরত অবস্থায় গাছ পড়ার শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান বন কর্মকর্তারা। এ সময় তারা দেখতে পান, ইন্দ্রপুর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে আমির হোসেন (২৯) কাটা গজারী গাছের ডালপালা ছাঁটাই করছেন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন গাছের খণ্ড কাঁধে করে দক্ষিণ পাশে মজুদ করছেন।
বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন চিৎকার দিয়ে সহযোগীদের সতর্ক করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ধাওয়া করে বন বিভাগের সদস্যরা আমির হোসেনকে আটক করতে সক্ষম হন। অভিযানে অংশ নেন বাগান মালী মো. আলী হোসেন, মো. ফরিদ উদ্দিন মোল্লা ও নিম গার্ড মো. খাইরুল ইসলাম।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি গজারী গাছের গোড়া এবং ছয় টুকরা গজারী গোলকাঠ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৪.৮৪ ঘনফুট। জব্দকৃত বনজ সম্পদ বিট অফিসের হেফাজতে নেওয়া হয়েছে।
রাথুরা বন বিট কর্মকর্তা শেখ ইমদাদ বলেন ১৯ জুন গাজীপুর বন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ধৃত আসামিকে সোপর্দ করেন। বন বিভাগ সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গজারী গাছ কর্তনের ঘটনায় ১৯২৭ সালের বন আইন (২০০০ সালে সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা