প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
সাভারে পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

মোঃ আসিফুজ্জামান আসিফ :
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ী এলাকায় পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রওশন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাগ্নীবাড়ী এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে মো. রওশন তাঁর বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে বেশ কিছুদিন ধরে স্থানীয় মো. নাসির উদ্দিন আহমেদ (পিতা: মৃত সিরাজ উদ্দিন ফকির), মো. কবির হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে অভিযুক্ত ব্যক্তিরা জমি দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন রওশন।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে অভিযুক্তরা লোকজন নিয়ে এসে জোরপূর্বক জমি দখলের হুমকি দেন। একই সঙ্গে জমি দখলে বাধা দিলে তাঁকে ও তাঁর ভাইকে কুপিয়ে জখম করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন মো. রওশন। তাঁদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে অব্যাহত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তাঁরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করায় থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং জমির মালিকানা-সংক্রান্ত বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
© দৈনিক আগামীর বাংলা