প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

এম এ নোমান,চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাসের সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
© দৈনিক আগামীর বাংলা