এম এ নোমান, চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল করেছে নবগ্রাম যুব সমাজ ও নবগ্রাম প্রবাসী সংস্থা।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম-মুন্সিরহাট সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনুছ আলী মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বাচ্চু, আবুল কাশেম, হাবিবুর রহমান, মহিউদ্দিন ও মো. জসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাকিল হোসেন, মো. শুভ, বাবু, মেহেদী, পারভেজ, ইয়াছিন, রিয়াজ, জালাল ও রাজু।
মিছিলে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মিছিল শেষে গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত প্রচেষ্টা। পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। তাদের মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
দৈনিক আগামীর বাংলা