সোহেল রানা স্টাফ রিপোর্টার:রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা জিআর-৪৪/১৯ (বাঘা)-২০১৮ মামলার বিচারিক কার্যক্রম শেষে রাজশাহীর সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত আসামি মিটন কুমার আচার্য ওরফে কিলটন (পিতা—লিটন চন্দ্র আচার্য, গ্রাম—আড়ানী বাজার, থানা—বাঘা, জেলা—রাজশাহী)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত মিটন কুমার আচার্য পলাতক ছিলেন। পরে পুলিশের অভিযানে গতরাতে বাঘার আড়ানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, খুব্বার আলী (পিতা—মৃত খোরশেদ আলী, গ্রাম—আড়ানী দিয়ারপাড়া, থানা—বাঘা, জেলা—রাজশাহী) নামের অপর এক আসামিকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাঘা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাঘা থানা পুলিশ মাদক ও সব ধরনের নিষিদ্ধ বস্তুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে। পুলিশ বলছে, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
দৈনিক আগামীর বাংলা