জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার্স
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১১ দলীয় ঐক্য, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি ঈশ্বরগঞ্জ কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে দত্তপাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও উপজেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এইচ. এম. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের স্মৃতি সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাহরিয়ারের পিতা মো. আব্দুল মতিন, শহীদ কামাল হোসাইনের পিতা মো. হাসিম উদ্দিন এবং শহীদ উবায়দুল হকের বোন মোছা. রোকসানা আক্তার। তারা শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতির দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক এস. এম. আল মামুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. আকাশ, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিন, সেক্রেটারি আবুল খায়ের খান ত্বহা, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আলীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সেক্রেটারি সারোয়ার জাহানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক আগামীর বাংলা